জামালপুর পৌর শহরের চন্দ্রা ঘুন্টিতে মাকে কুপিয়ে হত্যা মামলার একমাত্র আসামি ছেলে মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) ভোরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার নাওভাঙ্গাচরের দক্ষিণপাড়া গ্রামে বাবা তোতা মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর আশেকীন জানান, ১৫ এপ্রিল সকালে বাড়ির পাশে গাছ বিক্রির দাম নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মা মঞ্জিলা বেগমকে কুপিয়ে হত্যা ও গাছ কাটতে আসা এক ব্যক্তিকে আহত করেন মঞ্জু। এরপর ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি। এই ঘটনায় মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে অভিযান পরিচালনা করে মঞ্জুকে গ্রেপ্তার করা হয়।
হত্যার কারণ সম্পর্কে আনিসুর আশেকীন বলেন, মা ও পরিবারের অবহেলা থেকে চাপা ক্ষোভ এবং কম দামে গাছ বিক্রি করার কারণে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে মঞ্জু।