আলোচনায় সন্তুষ্ট না পলিটেকনিক শিক্ষার্থীরা, কঠোর আন্দোলনের ডাক

ছয় দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নন জানিয়ে কর্মসূচি আরও কঠোর করার ঘোষণা দিয়েছেন ছয় দফা দাবিতে আন্দোলনরত কারিগরির শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে দীর্ঘ তিন ঘণ্টা বৈঠক শেষে বেলা ৩টার দিকে বেরিয়ে তারা এ ঘোষণা দেন।

 এ সময় শিক্ষার্থীরা বলেন, আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। আজকে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের বৈঠক করার জন্য ডেকে আনা হয়েছিল। কিন্তু একজন অতিরিক্ত সচিব বৈঠক করেছেন। আমাদের দাবি-দাওয়া লিখে নিয়ে সচিবের কাছে উপস্থাপন করবেন, তারপর উপদেষ্টার কাছে দেবেন। আমরা চেয়েছিলাম উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে। আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

তারা আরও জানান, মন্ত্রণালয়ের দৃশ্যমান কোনও পদক্ষেপ দেখতে পাইনি। আজকের এই বৈঠকে আমরা সন্তুষ্ট নই। ফলে আমরা কঠোর কর্মসূচির দিকে যাব। দাবি আদায়ের জন্য আমাদের আন্দোলন চলমান থাকবে।

এর আগে বৃহস্পতিবা  সচিবালয়ে কারিগরি ও মাদরাসার শিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে দুপুর ১২টার দিকে এ বৈঠক শুরু হয়। বৈঠকে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ১৮ সদস্যের প্রতিনিধিদল অংশ নেন।