বগুড়ায় পুলিশ সদস্যদের উপর কিশোর গ্যাং এর হামলার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১০টায় দত্তবাড়ি ব্রিজের পাশে একটি পরিত্যক্ত বাড়ি থেকে গাঁজা সেবনের সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—আল আমিন ব্যাপারী এসকে ওরফে কোকা, রোহান ওরফে রনি, তানজিল ইসলাম এবং তৌহিদ ইসলাম। এরা চারজনই শহরের উত্তর চেলোপাড়ার বাসিন্দা।
এসব তথ্য নিশ্চিত করেছেন নারুলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজমুল হক।
জানা গেছে, মঙ্গলবার রাতে ফুলবাড়ি ফাঁড়ির দুই পুলিশ কর্মকর্তা একটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে যান। আহত এক নারী ও এক পুরুষকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করতে গেলে স্থানীয় কিশোর গ্যাং হামলা চালায়। তারা দুই পুলিশ কর্মকর্তাকে বেধড়ক মারধর করে এবং মোটরসাইকেলটি জোরপূর্বক নিয়ে যায়।
এঘটনায় বগুড়া শহরের ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান ও সহকারী উপপরিদর্শক (এএসআই) আহম্মদ আলী আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। এরপর হামলার ঘটনায় আহত এসআই আব্দুর রহমান বাদী হয়ে কয়েকজনের নাম উল্লেখ করে ৬০-৭০ জনের নামে মামলা দায়ের করেন।
নারুলী ফাঁড়ির ইনচার্জ নাজমুল হক বলেন, কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এদের নামে একাধিক মামলা রয়েছে। তারা ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত। তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।