ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভার আওতাধীন ৩টি সিএনজি অটোরিকশা স্ট্যান্ডের ইজারা নিয়ম অনুযায়ী সম্পন্ন হলেও ইজারাদার আরিফুল ইসলাম অভিযোগ করেছেন- বিগত সরকারের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একটি অংশ টোল আদায়ে বাধা দিচ্ছে এবং টোল আদায়কারীদের ওপর হামলা চালিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর ১২টায় পৌরসভা কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
তিনি জানান, ১৪৩২ বাংলা সনের জন্য পৌর কর্তৃপক্ষ সরকারি নিয়ম মেনে জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি ও স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে ইজারা আহ্বান করে। এর পরিপ্রেক্ষিতে দরপত্রে অংশ নিয়ে সর্বোচ্চ দরদাতা নির্বাচিত হন আরিফুল ইসলাম। পরে বৃহস্পতিবার ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে পৌরসভার সঙ্গে এক বছরের চুক্তি হয়। তিনি জানান, সকল প্রকার ইজারা মূল্য, সরকারি ভ্যাট ও আয়কর পরিশোধ করে বৈধভাবে দায়িত্ব গ্রহণ করেন।
তবে টোল আদায়ের প্রথম দিনেই স্থানীয় রাজনৈতিক সংগঠনের কিছু সদস্য বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং টোল আদায়কারীদের মারধর করে বলে অভিযোগ করেন তিনি। টোল আদায়ে বাধা ও মারধরের বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে জানানো হয়েছে এবং তা তদন্তাধীন।
আরিফুল ইসলাম আরও বলেন, আমরা পৌরসভার নির্ধারিত ১৫ টাকা হারে টোল আদায় করছি, কোনও অতিরিক্ত টোল নেওয়া হচ্ছে না। অথচ কিছু সংবাদ মাধ্যমে আমাদের বিরুদ্ধে চাঁদা আদায়ের মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও সঠিকভাবে না জেনে করা হচ্ছে।
তিনি সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা জাতির বিবেক, আপনারা প্রকৃত তথ্য তুলে ধরলে সরকারের উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আখাউড়া পৌরসভার সহকারী প্রকৌশলী মো. তানবীর হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. ফয়ছল আহমেদ খান, উপ-সহকারী প্রকৌশলী গোলাম কিবরিয়া।