সাভারে অস্ত্রসহ ৩ ছিনতাইকারী আটক

সাভারে একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে ধারালো অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ৭ টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় চেকপোস্টে তল্লাশীর সময় তাদেরকে আটক করা হয়েছে। 

আটকরা হলেন- ময়মনসিংহ জেলার পাগলা থানার বামনখালী গ্রামের মো. সোহানুর রহমান, ঢাকা জেলার নববাগঞ্জ থানার কৈইলাইল গ্রামের তানভির হোসেন তামিম (১৮) ও ঢাকার সাভার পৌরসভার মো. মামুন হাসান মুন্না (১৯)। 

পুলিশ জানায়, বেশকিছুদিন ধরে মহাসড়কে যাত্রীবাহি বাসে ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় যাত্রীদের নিরাপত্তা প্রদানের পাশাপাশি ছিনতাইকারীদের ধরতে নিয়মিত চেকপোস্ট ও তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংকটাউন এলাকায় তল্লাসী কার্যক্রম পরিচালনার সময় মৌমিতা পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫৩২৪৫) বাস থেকে ধারালো অস্ত্রসহ ৩ ছিনতাইকারীকে আটক করা হয়েছে। 

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশিক ইকবাল ৩ ছিনতাকারীকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটকদের থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান।’