খনার ৯২তম মঞ্চায়ন

খনার ৯২তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে। মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত বটতলার নন্দিত নাট্য প্রযোজনা খনা এমন এক আখ্যানের মঞ্চকৃতি, যা নারী ও শ্রেণির প্রশ্নকে সামনে আনে। গল্পটা পনেরোশ বছর আগের হলেও আজও প্রাসঙ্গিক। ঘরের বাইরে পা ফেলা নারীর প্রথম বাধা যে ঘরের ভেতর থেকেই আসে তার বড় প্রমাণ যে নাট্যের পদে পদে সেই নাট্যের বর্ণনা আমাদের বলে যে জানে সে মূঢ় নয়, মূঢ় সেই যে জেনেও বোঝে না কত কম জানা যায়। প্রজন্মান্তরে চলা যে কৃষি জ্ঞান ও প্রজ্ঞা খনার নামে বহমান তার ঠিকুজি কুষ্ঠির খোঁজে নাটকের খনা চলে চাষিদের বেগুনক্ষেত, কলাবাগান মাড়িয়ে ছোট্ট উঠানে। আর খনা তার জীবনের নানা প্রশ্নের ঊর্ধ্বে এক অন্য সত্যের মুখে দাঁড় করান দর্শকদের।

নারী প্রশ্নে, সমতার প্রশ্নে, শ্রেণির প্রশ্নে ক্ষমতা কাঠামোর নানান সমীকরণের নিবিড় ও বহুমাত্রিক পাঠের প্রস্তাবনা নিয়ে খনা এমনই মঞ্চকৃতি, যা এ সময়ের কথাই বলে দূর অতীতের ইশারাসমেত। আন্তর্জাতিক নারী দিবসের শততম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সহস্র সাধারণের সামনে প্রথম মঞ্চায়ন থেকে শুরু করে গত ৯১টি প্রদর্শনীতে খনা দেশে-বিদেশে অসংখ্য দর্শকের প্রশংসা কুড়িয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২-এর শুরুতে খনার মঞ্চায়ন এই জনপদের আবহমান সংস্কৃতি, কৃত্য উদযাপনেরও উপলক্ষ। এমনটিই জানিয়েছে নাট্যদলটি।

নাটকটিতে অভিনয় করেছেন কাজী রোকসানা রুমা, ইভান রিয়াজ, ইমরান খান মুন্না, তৌফিক হাসান, শারমীন ইতি, শেউতি শাহগুফতা, কামারুজ্জামান সাঈদ, হাফিজা আক্তার ঝুমা, চন্দন পাল, আবদুল কাদের, পংকজ মজুমদার, রিশাদুর রহমান রিশাদ, লায়েকা বশীর, পলাশ নাথ, সানজিদা ইয়াসমীন, সুমিত তিওয়ারি, রেওয়াজ, সৃষ্টি, অন্তুসহ অনেকেই।