ঝাড়ু মিছিলের পর নড়েচড়ে বসেছে প্রশাসন, সড়ক নির্মাণ বন্ধ

বরগুনার তালতলীর বড়বগী ইউনিয়নের মালিপাড়া থেকে নয়াপাড়া পর্যন্ত সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসীর ঝাড়ু মিছিল দিয়ে কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। ঘটনাটি দেশ রূপান্তরসহ বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন।  

আজ শুক্রবার  দুপুর ১২টার দিকে নির্মাণ কাজের মান পরিদর্শনে আসেন বরগুনা এলজিইডি’র সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তার টিম। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স এনামুল এন্টারপ্রাইজকে নিম্নমানের ইট অপসারণের নির্দেশ দেন।  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, প্রায় ১ হাজার ১০০ মিটার দৈর্ঘ্যের এ সড়ক নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১ কোটি ২১ লাখ ৯২ হাজার টাকা। দরপত্রের মাধ্যমে কাজটি পায় মেসার্স এনামুল এন্টারপ্রাইজ।  

সড়ক নির্মাণে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ জানিয়ে স্থানীয়রা একাধিকবার উপজেলা প্রকৌশলীকে অবহিত করলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এলাকাবাসী ক্ষোভে ঝাড়ু মিছিল করে কাজ বন্ধ করে দেন।  

পরে প্রকল্প সংশ্লিষ্ট অভিযোগের বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হলে উপজেলা প্রকৌশলী দায় এড়াতে গতকাল ঠিকাদারি প্রতিষ্ঠানকে তিন দিনের মধ্যে নিম্নমানের ইট অপসারণের লিখিত নির্দেশ দেন।  

আজ পরিদর্শনকালে সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম নিম্নমানের ইট পরীক্ষা করার জন্য নমুনা সংগ্রহ করেন এবং প্রকল্পে উন্নতমানের সামগ্রী ব্যবহারের নির্দেশ দেন। পাশাপাশি তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং সঠিক মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের আশ্বাস দেন।  

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক এনামুল বলেন, আমি এখনো কোনো লিখিত নোটিশ পাইনি। তবে জেলা অফিস থেকে ইট সরিয়ে নিতে বলা হয়েছে, তাই সম্মান রেখেই তা করছি।”  

উপজেলা প্রকৌশলী সাখাওয়াত হোসেন বলেন, ‘নিম্নমানের ইট অপসারণের জন্য ঠিকাদারকে আমি নোটিশ দিয়েছি। তিনি এখনো পেয়েছেন কি না, সেটা জানা নেই। তবে এটি দায় এড়ানোর বিষয় নয়, সামনাসামনি আলোচনায় আসতে পারি।’ 

অন্যদিকে, সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অপারগতা জানান।