ভালুকায় অটোরিকশায় মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

ময়মনসিংহের ভালুকায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে লাল মিয়া (৩২) ও রোকেয়া বেগম (৫৫) নামে দুইজন নিহত এবং দুই মহিলাসহ চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের প্রথমে ভালুকা ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৮ এপ্রিল) সকালে ভালুকা-গফরগাঁও সড়কে উপজেলার গোয়ারী দাখিল মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভালুকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়।

এতে সিএনজির ৫ যাত্রী ও মাইক্রোবাসের চালক গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার পূর্বভালুকা মন্ডল পাড়ার আজগর আলী ওরফে ইনতাজ আলীর ছেলে লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত লাল মিয়া পূর্বভালুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি হিসেবে কর্মরত ছিলো। নিহত রোকেয়া বেগম কাঠালী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

এ সময় নিহত লাল মিয়ার স্ত্রী তাসলিমা (২৫), একই বাড়ির সূর্যত আলীর স্ত্রী রোকেয়া (৫৫), জোৎস্না আরা ও সিএনজি চালক রোমানসহ পাঁচজন আহত হন। পরে আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোকেয়া বেগম মারা যান।

ভালুকা মডেল থানার ওসি শামছুল হুদা খান জানান, দুর্ঘটনায় ২ জন মারা গেছেন এবং ৪ জন আহত হয়েছেন।