শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমজীবী ও মেহনতি মানুষের চিকিৎসাসেবা নিশ্চিতের জন্য একটি সরকারি হাসপাতালের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় শ্রমজীবীসহ মেহনতি জনতা। শুক্রবার দুপুরে আশুলিয়ার বাইপাইল মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমজীবী ও মেহনতি জনতার ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধনে কয়েক শতাধিক পোশাক শ্রমিকসহ স্থানীয় জনতা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় তারা আশুলিয়া শিল্পাঞ্চলে গার্মেন্টস শ্রমিক শ্রমজীবী ও মেহনতি সর্বস্তরের জনগণের চিকিৎসা নিশ্চিতে বিশেষ সুবিধাসম্পন্ন বার্ন ইউনিটসহ ৫০০ শয্যা বিশিষ্ট একটি সরকারি হাসপাতালের দাবি জানান। সরকারি হাসপাতালে সম্ভব না হলে অন্তত চীনের প্রস্তাবিত তিনটি হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল যেন আশুলিয়া শিল্পাঞ্চলে করা হয় সেই দাবিও জানান তারা।
শ্রমিকরা জানায়, যে কোনো অসুখ হলেই আমাদের বেসরকারি হাসপাতালে যেতে হয়। কারণ আশুলিয়াতে কোনো সরকারি হাসপাতাল নেই। কিন্তু আমরা যে বেতন পাই, তা দিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো আমাদের পক্ষে প্রায় অসম্ভব। কারণ আপনারা জানেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা খরচ অনেক ব্যয়বহুল। তাই আশুলিয়ায় একটি সরকারি হাসপাতাল স্থাপন করে শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানাচ্ছি।
মানববন্ধনে গার্মেন্টস শ্রমিক ঐক্য জোটের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন বলেন, শিল্পাঞ্চল আশুলিয়ায় একটি সরকারি হাসপাতালে জন্য বিজিএমইএসহ সরকারি বিভিন্ন মাধ্যমে অনেকবার আমরা অনুরোধ করেছি কিন্তু এখন পর্যন্ত একটি সরকারি হাসপাতালে কোনো কার্যক্রম দেখছি না।
তিনি আরও বলেন, উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য অনেক গুরুত্বপূর্ণ। আশুলিয়াতে কোনো সরকারি হাসপাতালে নেই। প্রাইভেট যে হাসপাতালগুলো আছে, সেখানে খরচ অনেক বেশি। শ্রমিকরা যে পরিমাণ বেতন পান তাতে তাদের প্রাইভেটে চিকিৎসা করানো সবার পক্ষে সম্ভব না। এ সময় তিনি চীনের প্রস্তাবিত তিনটি বিশেষায়িত হাসপাতালের মধ্যে একটি হাসপাতাল আশুলিয়া শিল্পাঞ্চলে স্থাপনের দাবিও জানান।
আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা খাইরুল আলম মিন্টু, শ্রমিক নেতা শাহ্-আলম, বাচ্চু মিয়া, আল-মামুন, আশিক, বকুল, জুলহাসসহ আরও অনেকে।