ইমাজিনেক্সট ফাউন্ডেশনের ‘জাতীয় সংস্কৃতি: প্রেক্ষিত নতুন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক

জাতীয় সাংস্কৃতিক নীতির খসড়া প্রণয়ন, তরুণদের নেতৃত্বে জাতীয় সাংস্কৃতিক ফোরাম গঠনের দাবিতে ইমাজিনেক্সট ফাউন্ডেশনের উদ্যোগে ‘জাতীয় সংস্কৃতি: প্রেক্ষিত নতুন বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

সভায় উদ্বোধনী বক্তা হিসেবে ছিলেন রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার। ফ্যাসিস্ট, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান উল্লেখ করে তিনি বলেন, লড়াই শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশে কাউকে বাদ দেয়া যাবে না। সব জাতি গোষ্ঠি, ধর্ম নিরপেক্ষ, সব ধর্মের লোকের অংশগ্রহণ থাকতে হবে। যেটা আমরা উৎসবে দেখেছি। বৃহৎ সাংস্কৃতিক লড়াইয়ের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। এ জন্য সঠিক গঠনতন্ত্র দরকার, যেটা তৈরি করবে জনগণ। জাতিবাদের যুগও শেষ করতে হবে বলে মন্তব্য করেন ফরহাদ মজহার। 

সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, বিপ্লব মানে নতুন আইন ব্যবস্থা তৈরি করা। চব্বিশে যা হয়েছে সেটিকে বিপ্লব বলা যাবে না। এটি গণঅভ্যুত্থান। গণতান্ত্রিক রাষ্ট্র কায়েমে গণউৎসব  তৈরি করত হবে। নতুন বাংলাদশে শক্তিশালী সাংস্কৃতিক আন্দোলন গড়ার আহবান জানান তিনি। 

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বদলাবে না যদি সাংস্কৃতিক বদল না ঘটে। সাংস্কৃতিক রাজনীতির পরিবর্তন দরকার। বাংলাদেশে যেন সহিংস পরিস্থিতি না হয় তারজন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। সংস্কৃতি ছোট কোন ব্যাপার না। রাজনৈতিক, অর্থনৈতিক, গণতন্ত্র সব এর সঙ্গে জড়িত। দেশের মানুষের আকাঙ্ক্ষা বদলে গেছে। তরুণরা সাংস্কৃতিক পরিবর্তন চায়। দেয়ালে দেয়ালে তার চিত্র ফুটে উঠেছে। এসব কারণেই গণঅভ্যুত্থান ঘটেছে। এই দেয়ালচিত্রগুলো কারা মুভহে ফেলতে চায়- সেটাও আমাদের ভাবতে হবে। তরুণ যুবকদের কথাও আমাদের শুনতে হবে।

সভায় আলোচনা করেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী ফাতেমা তুজ জোহরা। তিনি বলেন, সমাজ থেকে সহিংসতা বন্ধ করতে হবে। মানুষের প্রতি মানুষের সহিংসতা বন্ধ করতে হবে সবার আগে। এসব বন্ধে বেসিক পরিবর্তন চাই, তাহলেই বৃহত্তর পরিবর্তন আসবে। 

সভাপতির বক্তব্যে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, জুলাই-আগস্টের পর মানুষ যে সংস্কৃতি চায় তা দেয়ালে দেয়ালে তুলে ধরেছে। এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলেই আমাদের কাঙ্খিত সংস্কৃতি ফুটে উঠবে। আগামী দিনের জন্য এগুলো মূল বিষয় হয়ে দাড়াবে। নতুন প্রজন্ম স্বপ্ন তৈরি করেছে, এই স্বপ্নের হাত ধরে আমাদের জাতীয় সংস্কৃতি এগিয়ে নিতে হবে বিশ্ব পরিসরে। পাশাপাশি রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কৃতিতেও পরিবর্তন আনা জরুরি বলে মতামত দেন।

গণমাধ্যম ব্যক্তিত্ব ও সংগঠক মুহাম্মদ ইমতিয়াজের সঞ্চালনা এবং ইমাজিনেক্সট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জাফর ফিরোজের ধারণাপত্রে সভায় আরও বক্তব্য রাখেন আমেরিকান ওয়ারলেস সেন্টারের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. মজিবুল হক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, আপঅন ফাউন্ডেশনের চেয়ারম্যান নিজামুল হক নাঈম, বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন বোর্ডের সদস্য রফিকুল আনোয়ার রাসেল, ইমাজিনেক্সট ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জাকারিয়া হাবিব পাইলটসহ আরও অনেকে।