ইন্তারের বিপক্ষে কাজটা কঠিন হবে, বললেন ফ্লিক

ছয় বছর পর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠা বার্সেলোনার সামনে বাধা এবার ইন্তার মিলান। ইতালিয়ান দলটির বিপক্ষে কাজটা খুব কঠিন হবে বলে মনে করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

লা লিগায় আগামীকাল সেল্তা ভিগোর বিপক্ষে ম্যাচ বার্সেলোনার। সেই ম্যাচের আগে আজ শুক্রবার সংবাদ সম্মেলনে ইন্তারকে নিয়ে করা প্রশ্নের উত্তরে ফ্লিক বলেন, 'তারা দারুণ একটি দল, তাদের চমৎকার একজন কোচ আছেন। আমাদের জন্য কাজটা কঠিন হবে।'

ফ্লিক তার কথায় টেনে আনেন ইন্তারের এক স্ট্রাইকার ও ডিফেন্ডার বেঞ্জামিন পাভার্ডের কথা। 'তাদের দারুণ এক স্ট্রাইকার আছে (লাউতারো মার্তিনেজ), ডিফেন্ডাররাও ভালো। পাভার্ড দারুণ পেশাদার, এই ম্যাচগুলোতে তাকে আবার দেখতে পাব বলে আমি খুশি।'

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত দুই দলের ১২ বারের দেখায় বার্সেলোনার জয় ছয়টিতে, ড্র চারটি ও হার দুটি। সবশেষ ২০২২-২৩ মৌসুমে গ্রুপ পর্বের লড়াইয়ে ইন্তারের মাঠে ১-০ গোলে হারের পর ঘরের মাঠে ৩-৩ ড্র করেছিল কাতালান দলটি।