গুলিস্তান, উত্তরাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ এবং ক্যাসিনো সম্রাটের অন্যতম সহযোগী, বঙ্গবাজার মার্কেট পোড়া মামলার আসামি যুবলীগ নেতা শাহাবুদ্দিনসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গত বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অন্যরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৫০ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. আরিফ হোসেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শাখাওয়াত, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এএফ রহমান হল শাখার সহসভাপতি বাপ্পি রায়হান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের ভাতিজা ও মহানগর উত্তর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান।
গতকাল শুক্রবার ডিএমপি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরা থেকে মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করে ডিবির একটি টিম। ডিবি ওয়ারী বিভাগের একটি আভিযানিক দল রাজধানীর ফুলবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে বাপ্পি রায়হানকে এবং অন্য এক অভিযানে মো. আরিফ হোসেনকে গ্রেপ্তার করে। ডিবির মতিঝিল বিভাগের একটি টিম খিলগাঁও এলাকা থেকে মো. শাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে। একইদিন ডিবি সাইবারের একটি টিম রাজধানীর শান্তিনগর এলাকা থেকে মো. শাহাবুদ্দিনকে এবং তেজগাঁও এলাকার একটি বাসা থেকে ডিবির অন্য একটি টিম পৃথক অভিযান চালিয়ে অ্যাডভোকেট আনিসুর রহমানকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। গত ৬ এপ্রিল সকাল ৭টায় শাহে আলম মুরাদের নেতৃত্বে আওয়ামী লীগের ঝটিকা মিছিল বের করা হয়। এতে ২০ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা শাহাবুদ্দিন নেতাকর্মীদের নিয়ে উপস্থিত ছিলেন বলে জানা গেছে। তিনি বহুল আলোচিত বঙ্গবাজার মার্কেট পোড়া মামলার অন্যতম আসামি। অভিযোগ রয়েছে, ২৪-এর জুলাই-আগস্টের হত্যাকা-ে শাহাবুদ্দিন নেতাকর্মী ও অস্ত্র দিয়ে সহযোগিতা করেন। তার সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, শহীদ মিনার, টিএসসি, গুলিস্তান ও আনন্দবাজারে আন্দোলনরত ছাত্রদের ওপর বর্বরোচিত হামলা করা হয়।