অস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার নেই

চট্টগ্রাম নগরে জমি দখলকে কেন্দ্র করে প্রকাশ্যে অস্ত্র হাতে একদল যুবকের দৌড়াদৌড়ির ঘটনায় কেউ আটক হয়নি। গত বুধবার বিকেলে বায়েজিদ বোস্তামী থানার শান্তিনগর এলাকায় ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, খবর পেয়ে পাঁচ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু পুলিশ পৌঁছার আগেই জমি দখল করতে আসা একদল সন্ত্রাসী পালিয়ে গেছে। অস্ত্র হাতে দৌড়াদৌড়ির বিষয়টি শুনেছি। তবে ঘটনার তদন্ত চলছে।

নগর পুলিশের এ কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকার আমলে ইলিয়াস নামে এক সন্ত্রাসী অন্যের মালিকানাধীন জায়গাটি দখল করে। শেখ হাসিনা সরকার পতনের পর ইলিয়াস লাপাত্তা হয়ে যায়। পরে বুধবার বিকেলে আরেক দল সন্ত্রাসী জায়গাটি দখল করতে আসে।  এদিকে ফেসবুকে ছড়িয়ে পড়া ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, সাত থেকে আটজন যুবক দৌড়াদৌড়ি করছে। এর মধ্যে পিস্তল হাতে ছিল দুজন এবং একজনের হাতে শটগান।পুলিশ ও স্থানীয় সূত্র যুবকদের মধ্যে কয়েকজনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলো স্থানীয় মো. দেলু, মো. জহির, টিপু তালুকদার, মো. উজ্জ্বল, হাসান সাগর ও মো. করিম। এর মধ্যে হাসান সাগর ও টিপু তালুকদারের হাতে পিস্তল এবং শটগান হাতে মো. করিম দৌড়াচ্ছে।