গাজীপুরের গাছা থানার হারিকেন এলাকার একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ পোশাক শ্রমিক আব্দুল হারিসের (৫০) মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহতর বাড়ি সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানায়। তার বাবার নাম মৃত আব্দুল করিম।
বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বলেন, গত মঙ্গলবার গাজীপুর থেকে দগ্ধ অবস্থায় একই পরিবারের তিনজনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এদের মধ্যে শুক্রবার ভোরে পোশাক শ্রমিক হারিস চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রমিক হারিস মিয়ার শরীরে ৬৫ শতাংশ দগ্ধ হয়। এ ছাড়া তার স্ত্রী পোশাক শ্রমিক আয়েশা আক্তারের শরীরে ৬০ শতাংশ ও তাদের ছেলে মইনুল ইসলামের শরীরে ৩৩ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাদের দুজনের অবস্থাও আশঙ্কাজনক।