বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপি নেতা ইলিয়াস আলীসহ দলের যুব-ছাত্রসহ অসংখ্য নেতাকর্মীকে শেখ হাসিনা গুম করেছে, খুন করেছে। এ অপরাধে আমি তার ফাঁসি দাবি করছি।’ ‘বিএনপি নেতা ইলিয়াস আলীসহ গুম হওয়া নেতা-কর্মীদের সন্ধানের দাবিতে’ গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ গণতান্ত্রিক পরিষদ আয়োজিত এক যুব সমাবেশে তিনি এই দাবি করেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘বিচার করবেন কী করবেন না, তা আমরা বুঝে গেছি। আট মাস হয়ে গেল এখনো বিচারের তেমন অগ্রগতি নেই। ইলিয়াস আলী শুধু বিএনপির নেতাই নন, তিনি একজন সংসদ সদস্য ছিলেন। প্রধান উপদেষ্টাসহ অন্তর্র্বর্তী সরকারের যারা উপদেষ্টা আছেন, তারা কেউ তার বাসায় যাননি। অন্তর্র্বর্তী সরকার প্রতিষ্ঠা হওয়ার পাঁচ মাস পরে আয়না ঘরে গিয়েছিলেন। কিন্তু যারা গুম হয়েছেন তাদের বাসায় যাননি কেন? গুম-খুনের বিচারের উদ্যোগ নেন। যারা লুটপাট করেছে। বিদেশে টাকা পাচার করেছে। তাদের আইনের আওতায় আনেন।’
সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘বাংলাদেশে কী করবেন কী করবেন না, সেটা বড় কথা নয়। বাংলাদেশের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করার জন্য একটি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করেন। ডিসেম্বর থেকে জুন এর মধ্যে নির্বাচন হবে, এ ধরনের ফাজলামো বাদ দেন। কোন দিন কোন মাসে কোন বছরে নির্বাচন হবে তা নির্দিষ্ট করে বলেন।’