এলডিপিতে যোগ দিলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সারওয়ার্দী

লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) যোগ দিয়েছেন আলোচিত সাবেক সেনা কর্মকর্তা লে. জেনারেল (অব.) চৌধুরী হাসান সারওয়ার্দী। তার নেতৃত্বে সাবেক সামরিক কর্মকর্তা-আমলাসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক ব্যক্তি এলডিপিতে যোগ দিয়েছেন।

আজ শনিবার রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক অনুষ্ঠানের মাধ্যমে এলডিপিতে যোগ দেন তিনি। এ সময় এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এলডিপি মহাসচিব সাবেক মন্ত্রী ও বারবার নির্বাচিত এমপি ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ।