চলছে অভিনয় শিল্পী সংঘের ভোট

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে চলছে টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের নির্বাচন। শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। ২১টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী।

প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন অভিনেতা খায়রুল আলম সবুজ। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আছেন নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ। আপিল বোর্ডে দায়িত্ব পালন করছেন মামুনুর রশীদ, আবুল হায়াত ও দিলারা জামান।

২১ সদস্যবিশিষ্ট কমিটির এই নির্বাচনে ভোটার সংখ্যা ৬৯৯ জন। এর মধ্যে অর্থ সম্পাদক পদে নূর এ আলম নয়ন এবং দপ্তর সম্পাদক পদে তানভীর মাসুদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

সভাপতি পদে লড়ছেন দুই জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম ও আবদুল্লাহ রানা। সহসভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয়জন আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম ও শামস সুমন।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন শাহেদ শরীফ খান ও রাশেদ মামুন অপু। যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য প্রার্থী পাঁচজন পাভেল ইসলাম, সুজাত শিমুল, শফিউল আলম বাবু, কবির টুটুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাসুদ রানা মিঠু ও হিমে হাফিজ।অনুষ্ঠান সম্পাদক পদের জন্য লড়ছেন এম এ সালাম সুমন, সান্ত্বনা সাদিকা ও শাহরিয়ার ফেরদৌস সজীব। আইন ও কল্যাণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সুবর্ণা মজুমদার ও সূচনা সিকদার। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রয়েছেন মুকুল সিরাজ ও প্রিন্স রনি। তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে তিন প্রার্থী আর এ রাহুল, নিলাভ আমান ও মাহাদি হাসান পিয়াল। কার্যনির্বাহী পরিষদের সাতটি সদস্য পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন। 

বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক রওনক হাসান। তাঁরা এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না।

নির্বাচন প্রসঙ্গে সভাপতি পদে প্রার্থী আজাদ আবুল কালাম বলেন, ‘শিল্পীদের পাশে দাঁড়াতে চাই বলেই নির্বাচন করছি। আশা করছি, ভোটেও শিল্পীদের সমর্থন পাব।’

প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ রানা বলেন, ‘শিল্পীর স্বার্থে আমি বরাবরই দ্বিধাহীনভাবে লড়াই করেছি। যদি আমার আন্তরিকতায় ভোটারদের আস্থা থাকে, তাহলে আগামীতেও একসঙ্গে লড়াই চালিয়ে যেতে চাই।’