মাদারীপুরে জেলা হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে ছয় মাসের এক শিশু চুরির অভিযোগ উঠেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে ইজিবাইকে করে দ্রুত পালিয়ে যান।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ছয়তলার শিশু ওয়ার্ডে ঘটে এ ঘটনা। ঘটনা তদন্তে এরই মধ্যে মাঠে নেমেছে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ। চক্রে জড়িত ধরতে তৎপরতা শুরু করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।
নিখোঁজ শিশুর নাম আব্দুর রহমান। সে সদর উপজেলার মহিষেরচর পাকা মসজিদ এলাকার বাসিন্দা সুমন মুন্সির ছেলে।
স্বজনরা জানান, তিনদিন আগে অসুস্থ দুই বছরের ছোট মেয়ে জামিলাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের ৬ তলার শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে বড় মেয়ে জান্নাতকে খাওয়াচ্ছিল মা সুমি আক্তার।
এ সময় গোলাপি রঙের বোরকা পরা এক নারী আব্দুর রহমানকে কোলে তুলে নেয়। আদর করার জন্য হাসপাতালের বারান্দা নিয়ে যায়। মুহূর্তেই মায়ের চোখ ফাঁকি দিয়ে রহমানকে নিয়ে সটকে পড়ে তিনি। অনেক খোঁজাখুঁজি করে না পাওয়া গেলে খবর দেওয়া হয় থানা পুলিশকে।
হাসপাতালের বাইরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ছয় মাসের শিশুকে কোলে নিয়ে ইজিবাইকে করে হাসপাতাল ছেড়ে যাচ্ছে এক নারী। হাসপাতালে নিরাপত্তা না থাকায় এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্বজনদের।
আব্দুর রহমানের মা সুমি আক্তার বলেন, আমার আদরের সন্তানকে কোলে নিয়ে এভাবে ওই নারী পালিয়ে যাবে বুঝতে পারিনি। চোখের পলকেই এই ঘটনা ঘটেছে। আমি আমার আদরের সন্তানকে ফেরত চাই।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, হাসপাতাল থেকে এক শিশু চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। এরই মধ্যে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এই চক্রে যে বা যারাই জড়িত থাকুক সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।