মাছ কাটা নিয়ে দ্বন্দ্বে স্ত্রীকে খুন, থানায় হাজির স্বামী

বাজার থেকে কিনে আনা পুঁটি মাছ কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন স্বামী। আবার নিজেই থানায় গিয়ে উপস্থিত হয়ে দেন ঘটনার বর্ণনা। শনিবার দুপুরে এমনটাই ঘটেছে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজার এলাকার উত্তর ত্রিশ গ্রামে।

ঘাতক স্বামী বাছির উদ্দিন (৩৫) নবীনগর উপজেলার সাহাপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে। নিহত স্ত্রী মৌসুমী আক্তার (২৯) দেবিদ্বার উপজেলার নবীপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাছির উদ্দিন একটি মেডিসিন কোম্পানির মুরাদনগর উপজেলার এরিয়া রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করেন। আড়াই বছর যাবত উত্তর ত্রিশ গ্রামের আলাল মিয়ার বাড়িতে ভাড়ায় থাকেন। শনিবার দুপুরে কোম্পানিগঞ্জ বাজার থেকে পুঁটি মাছ কিনে নিয়ে যায় বাছির উদ্দিন। বাসায় যেতেই স্ত্রী কাটাকুটি করতে পারবে না জানিয়ে মাছ ছুড়ে মারেন স্বামীর উপর। এতে ক্ষিপ্ত হয়ে বাছির উদ্দিন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে। পরে তিনি নিজেই মুরাদনগর থানায় গিয়ে পুলিশকে বিষয়টি জানায়।

বাছির উদ্দিন পুলিশকে জানান, নয় বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। সংসারে ৪ বছর বয়সী জমজ সন্তান আছে। দীর্ঘদিনের সংসার জীবনে স্ত্রী মৌসুমী তাকে প্রতিনিয়ত মানসিকভাবে যন্ত্রণা দিতেন। তবে স্ত্রীকে হত্যার কোন পূর্বপরিকল্পনা তার ছিল না। 

বাড়িওয়ালা আলাল জানান, দীর্ঘ আড়াই বছর ধরে তারা আমার এখানে ভাড়া থাকে। আমার চোখে বাছির অত্যন্ত ভালো মানুষ। এখন পর্যন্ত তাদের পারিবারিক কলহ আমাদের চোখে পড়েনি। কেন এই হত্যাকাণ্ড আসলে কিছুই বুঝতে পারছি না।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বলেন, শনিবার দুপুরের দিকে যখন বাছির উদ্দিন থানায় উপস্থিত হয়ে আমাকে জানায় সে তার স্ত্রীকে হত্যা করেছে, তখন প্রথমে আমার বিশ্বাস হয়নি। পরে খোঁজ নিয়ে জানি ঘটনা সঠিক। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। বাছির উদ্দিন থানা হেফাজতে আছেন। মামলার প্রক্রিয়া চলছে।