গাজীপুরের কালিয়াকৈরে পোশাক শ্রমিক ইদ্রিস আলী তার কর্মস্থল ম-ল গ্রুপের মনট্রিমস কারখানার দুই কর্মকর্তার বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দিয়ে কেমিক্যাল পানে আত্মহত্যা করে। তার মৃত্যুর এক দিন পর গতকাল শনিবার সকালে কারখানা চালু হলে শোক জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে ওই কারখানার দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এলাকাবাসী, কারখানার কর্তৃপক্ষ-শ্রমিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার স্থানীয় ম-ল গ্রুপের মনট্রিমস কারখানায় এ ঘটনা ঘটে। ওই কারখানার পোশাক শ্রমিক ইদ্রিস আলী নাইট ডিউটিরত অবস্থায় গত বৃহস্পতিবার মধ্যরাতে তার ফেসবুক আইডিতে কারখানায় অনিয়মের অভিযোগ তুলে একটি পোস্ট দেন। ওই পোস্টে তিনি কারখানার সহকারী ব্যবস্থাপক (প্ল্যানিং) কামরুল ইসলাম ও উপব্যবস্থাপক (কার্টন সেকশন) হারুন অর রশিদের বিরুদ্ধে এ অভিযোগ তোলেন।
তিনি ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর রাসায়নিক দ্রব্যজাতীয় কিছু (কেমিক্যাল) পান করে আত্মহত্যা করেন। বিষয়টি গণমাধ্যমে আসার পর কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ওই কারখানায় শ্রমিকের আত্মহত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গত শুক্রবার রাতেই ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে কারখানা এক দিনের ছুটি ঘোষণা করেছিল কর্তৃপক্ষ।
ওই কারখানার মহাব্যবস্থাপক (জিএম) গোলাম সারওয়ার জানান, ওই দুই কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সকাল থেকে কারখানা খুলে দেওয়ায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।