মুন্সীগঞ্জে পুকুরে থেকে উদ্ধার রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়িতে একটি পুকুর থেকে রাইফেলের ৩২৬ রাউন্ড গুলি উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশের টিম। শনিবার (১৯ এপ্রিল) দিনগত রাতে টঙ্গীবাড়ি উপজেলার দক্ষিন পাইকপাড়া গ্রামের আলফাজ উদ্দিনের বাড়ির কাছের পুকুর থেকে ৭.২৬ বোরের চায়না রাইফেলের গুলি উদ্ধার করে।

গোয়েন্দা পুলিশের ধারনা গত বছরের ৫ আগষ্ট থানা থেকে লুট করা হয়েছিলো এসব গুলি। প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন। তাতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত রাত ৯ টার দিকে পুকুরটিতে অভিযান চালায় জেলা পুলিশের
গোয়েন্দা শাখা তথা ডিবি পুলিশের টিম।

এসময় ওই পুকুরের দক্ষিণ পাশে বুক সমান পানির নিচ থেকে রশি দিয়ে গাছের ডালের সঙ্গে ঝুলানো প্লাষ্টিকের বস্তায় রক্ষিত একটি টিনের গুলির বাক্সে ৩২৬ রাউন্ড চায়না রাইফেলের গুলি পরিত‍্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ডিবির ইনচার্জ ইশতিয়াক আশফাক জানান, ধারণা করা হচ্ছে গত বছরের ৫ আগস্ট থানা থেকে লুটকরা এসব গুলি কোন দুষ্কৃতকারী পুকুরের পানির নিচে লুকিয়ে রেখেছিলো। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।