প্রাইম এশিয়ার শিক্ষার্থী পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন

রাজধানীর বনানীত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের (২৫) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। রবিবার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্ত করেন ফরেনসিন মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন।

এর আগে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ কামাল। সুরতহাল রিপোর্টে তিনি উল্লেখ করেন, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হন পারভেজ। পরে বন্ধুরা তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বুকের বাম পাশে একটি জখমের রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত পারভেজের মামাতো ভাই হুমায়ুন কবির বলেন, আমার ভাই শান্ত স্বভাবের ছিল। কোনও ঝামেলা, মারামারির মধ্যে ছিল না। কেন তাকে এভাবে মেরে ফেলল কিছু বুঝতে পারছি না। এই হত্যাকাণ্ডের বিচার চাই।

হুমায়ুন বলেন, এক ভাই এক বোনের মধ্যে পারভেজ ছিল বড়। ছোটবোন ঢাকা মাইলস্টোনে কলেজে পড়াশুনা করে। বাবা জসিম উদ্দিন কুয়েত প্রবাসী। মা পারভীন আক্তার গৃহিনী। গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলার ফাইচান গ্রামে থাকে। বর্তমানে পারভেজ কাফরুল কাজীপাড়া আলহেরা হাসপতালের পাশে একটি মেসে থাকত। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিল সে।

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ডা. সাইফুল আলম বাদশা বলেন, নিহত পারভেজ ছাত্রদলের সক্রিয় কর্মী ছিলেন।

নিহত পারভেজের বন্ধু তোফায়েল আহমেদ নয়ন বলেন, পারভেজের প্রথম জানাজা পল্টনে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হবে। এরপর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা হবে। তারপর গ্রামের বাড়ির উদ্দেশ্যে নেওয়া হবে।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল বলেন, গতরাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এজাহারভুক্ত ৮ জনসহ অজ্ঞাত ৩০ জনের নামে মামলা হয়েছে। আসামি গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।