কর্ণফুলীতে নাবিক নিখোঁজ, উদ্ধার তৎপরতা চলছে

কর্ণফুলী নদীতে জাহাজে উঠার সময় পা পিছলে দুলাল মিয়া নামে এক নাবিক নিখোঁজ হয়েছেন। তার সন্ধানে উদ্ধার তৎপরতা চলাচ্ছে নৌ-পুলিশসহ ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

শনিবার (১৯ এপ্রিল) রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরের বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) এক নম্বর জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় এ দুর্ঘটনা ঘটে।

রবিবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ওই নাবিকের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ দুলাল মিয়া নোয়াখালী জেলার চরজব্বার থানার আবদুর রবের ছেলে। মাছ ধরার জাহাজ এফভি পারটেক্স-১ এ কর্মরত ছিলেন তিনি।

নগরের সদরঘাট নৌ থানার ওসি একরাম উল্লাহ জানান, শনিবার রাত ১০টার দিকে বিএফডিসি ১ নম্বর  জেটি থেকে এফভি পারটেক্স-১ জাহাজে ওঠার সময় অসাবধানতাবশত দুই জাহাজের ফাঁকে কর্ণফুলী নদীতে পড়ে যান ফিশ মাস্টার দুলাল মিয়া। ফায়ার সার্ভিসের ডুবুরি, কোস্টগার্ড ও সদরঘাট নৌ থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালাচ্ছে। রবিবার বিকেল চারটা পর্যন্ত ওই নাবিকের সন্ধান মেলেনি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।