কক্সবাজারের চকরিয়ায় ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজলকে বস্তাবন্দী অবস্থায় জীবিত উদ্ধার করেছে পুলিশ। সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে অপহরণের ১৪ দিন পর তাকে উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ।
রবিবার (২০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার বানিয়ারছড়ার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এর আগে গত ৬ এপ্রিল রাত ৮টার দিকে উপজেলার খুটাখালীস্থ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে তাকে অপহরণ করা হয়েছিল।
উদ্ধার হওয়া ওই ব্যবসায়ী জিয়া উদ্দিন কাজল উপজেলার খুটাখালী ইউনিয়নে ৩ নম্বর ওয়ার্ডের হেতালিয়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। এ ঘটনায় অপহৃত জিয়া উদ্দিন কাজলের স্ত্রী নুসরাত জাহান বাদী হয়ে গত ৯ এপ্রিল চকরিয়া থানায় মামলা করেন।
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গত ৬ এপ্রিল রাত সাড়ে ৮টার দিকে কাজলকে খুটাখালী বাজার থেকে পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী কাজলকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় কাজলের স্ত্রী বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেন। এর পরে পুলিশের ব্যাপক নজরদারি ও অভিযানে কাজলকে অপহরণকারীরা ছেড়ে পালিয়েছে। তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।