ব্রিজ বিশ্বকাপে কোয়ালিফাই করলো বাংলাদেশ 

বাংলাদেশ ব্রিজ দল আরো একবার ব্রিজ বিশ্বকাপ খ্যাত বারমুডা বাউল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবায়ে অনুষ্ঠত জোন -৪:এর বাছাই পর্বে ফাইনালে নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশ এই সম্মান অর্জন করে নিল।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে মিডিয়া রোটানা হোটেলে ছয় সেশনের সেমিফাইনালের চতুর্থ সেশনে শেষে বাংলাদেশ প্রতিপক্ষ জর্দানের বিরুদ্ধে ১১৯ পয়েন্টে (১৮৬-৬৭) এগিয়ে যায়। বাকি দুই সেশনে এই পার্থক্য অতিক্রম করা সম্ভব হবে মেনে নিয়ে জর্দান হার স্বীকার করে। এর ফলে, বাংলাদেশ তৃতীয়বারের মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্রিজ টুর্নামেন্টে নিজেদের জায়গা নিশ্চিত করলো।

বুধবার ( ১৬ এপ্রিল) বোর্ডের প্রথম সেশনে ৪১-১৬ পয়েন্টে লিড নিয়ে শুভ সূচনা করে। তবে দ্বিতীয় সেশনেই মূলত খেলার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই সেশনে বাংলাদেশ ৬৭ পয়েন্ট পায় আর তাদের পশ্চিম এশীয় প্রতিপক্ষ মাত্র দুই পয়েন্ট অর্জন করতে সক্ষম হয়।

বাংলাদেশের কামারুজ্জামান এবং আসিফুর রহমান ওপেন রুমে উত্তর - দক্ষিনে এবং জাহিদ হোসেন ও শাহ জিয়াউল হক জুটি ক্লোজ রুমে পূর্ব- পশ্চিমে আসন গ্রহন করেন।

এই রাউন্ডে পরে বাংলাদেশেল ৯০ পয়েন্টে এগিয়ে যায় এবং পরের দুই রাউন্ডেও ১৮ এবং ১১ পয়েন্ট যোগ করায় জর্দান হার মেনে নেয়।
বাংলাদেশের পক্ষে আরো অংশ নেয় মির্জা সাজিদ ইস্পাহানী এবং মশিউর রহমান। গ্রুপ ও সেমিফাইনাল উভয় পর্বেই বাংলাদেশের ছয়জন খেলোয়াড়ই কৃতিত্বের সাক্ষর রাখেন।

এর আগে আট দলের গ্রুপ পর্বে বাংলাদেশ দ্বিতীয় স্থানে শেষ করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়। অন্য সেমিফাইনালে চার রাউন্ড শেষে ভারত স্বাগতিক ইউএইর বিরুদ্ধে ৯৫ পয়েন্টে এগিয়ে ছিলো। এই খেলার বিজয়ী দল শুক্রবার বাংলাদেশের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ খেলবে।

ওপেন দলের পাশাপাশি প্রবীনদের দলও বিশ্বকাপ খেলার স্বপ্নের দিক এগিয়ে চলছে। সেমিফাইনালে বাংলাদেশের প্রবিনেরা পাকিস্তানের প্রবিনদের বিরুদ্ধে ৪৭ পয়েন্টে এগিয়ে ছিল।

বাংলাদেশের প্রবীন দলের হয়ে খেলছেন সাইদ আহমেদ,  দেওয়ান মো., হানজালা, খন্দকার মাজহারুল হক, মো. জহিরুল হক, মো. আজিজুল হক এবং এ টি এম মোয়াজ্জেম হোসেন। 

এই বছরের আগষ্ট মাসে ডেনমার্কে ব্রিজ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এর আগে বাংলাদেশ প্যারিস এবং উহানে বিশ্বকাপে অংশ নিয়েছিল।