বিরামপুর

বন্ধুর সঙ্গে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

দিনাজপুরের বিরামপুরে বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে পিকআপের ধাক্কায় মো. হাসান আলী (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নাঈম হোসেন নামের একজন যুবক আহত হয়েছেন। নিহত হাসান এবার আমানুল্লাহ স্কুল থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিল।

আজ রবিবার বেলা ১১টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের পল্লবী মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাসান আলী শহরের থানাপাড়া এলাকার মিলন হোসেনের ছেলে। আহত নাঈম একই এলাকার নিয়ামত হক ভোলার ছেলে।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, রবিবার মোটরসাইকেল নিয়ে দুই বন্ধ শহরে ঘুরতে বের হয়। এ সময় গোবিন্দগঞ্জ থেকে একটি মালবাহী পিকআপ দোয়েল মোড় এলাকায় এলে মোটরসাইলেটিকে ধাক্কা দিলে হাসান আলী ছিটকে রাস্তায় পড়ে পিকআপের চাকায় পিষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাহাজুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবক হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারনা করা হয় আহত যুবকের মাথায়, বুকে ও কোমরে গুরুতর আঘাতেই মৃত্যু হয়েছে।

বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসান নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলা করা হবে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।