নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের সময়সীমা আরও দুই মাস বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বঘোষিত সময় অনুযায়ী ২০ এপ্রিল এই সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও বেশ কিছু দলের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২২ জুন পর্যন্ত।
গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
সচিব বলেন, ইসির গণবিজ্ঞপ্তি জারির পরিপ্রেক্ষিতে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সময়সীমা শেষ হয়েছে। এর মধ্যেই বিভিন্ন দল বিভিন্ন মেয়াদে নিবন্ধনের এ সময়সীমা বাড়ানোর জন্য আবেদন করে। তারই পরিপ্রেক্ষিতে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২২ জুন পর্যন্ত দল নিবন্ধনের সময়সীমা বাড়ানো হয়েছে।