গাজীপুরের টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যার কথা আদালতে স্বীকার করেছেন মা আলেয়া বেগম। গতকাল রবিবার তাকে গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হলে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আলেয়া বেগম তার দুই সন্তানকে কুপিয়ে হত্যার কথা আদালতের কাছে স্বীকার করেছেন। তিনি আরও জানান, আদালতে আসামি বলেন, প্রথমে মা তার মেয়েকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় ছেলেটি ঘুমিয়ে ছিল। পরে ছেলেকে ঘুম থেকে তুলে একই কায়দায় হত্যা করেন। তবে কী কারণে মা তার নিজের দুই সন্তানকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছেন তা আদালতে জানাননি।
গাজীপুরের টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে শুক্রবার সন্ধ্যায় এ দুই শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ওই ঘর থেকে রক্তমাথা একটি বঁটি উদ্ধার করা হয়।
নিহত মালিহা আক্তার (৬) ও আব্দুল্লাহ ইবনে ওমরের (৩) বাবার নাম আবদুল বাতেন মিয়া। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার তাতুয়াকান্দি এলাকার বাসিন্দা। পরিবার নিয়ে আরিচপুর জামাইবাজার এলাকার সেতু ভিলা নামের আটতলা ভবনের তৃতীয়তলার একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন বাতেন মিয়া।
গত শুক্রবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর টঙ্গীর আরিচপুর জামাইবাজার এলাকায় নিজ ঘরে ধারালো বঁটি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে দুই সন্তানকে হত্যা করা হয়।