প্রতিমন্ত্রীর মর্যাদা পেতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। মন্ত্রিপরিষদ সচিব বরাবর এ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ। গতকাল রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রকে প্রতিমন্ত্রী পদমর্যাদা প্রদান সংক্রান্ত ডিও পত্রটি এতৎসঙ্গে প্রেরণ করা হলো (কপি সংযুক্ত)। বর্ণিত ডিও পত্রের বিষয়ে সদয় পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে বিনীত অনুরোধ করা হলো।’ এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে রেজাউল করিম চৌধুরী, মাহমুদুল ইসলাম চৌধুরী, মীর মোহাম্মদ নাছির উদ্দিন ও এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হয়েছিল।