উইলিয়ামসের বিদায়, লিড নিয়ে চা-বিরতিতে জিম্বাবুয়ে

সিলেট টেস্টে দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনের শেষে খানিকটা স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে। যদিও ইনিংসের নিয়ন্ত্রণ ছিল জিম্বাবুয়ের হাতেই। প্রথম ইনিংসে ফিফটি করা ওপেনার ব্রায়ান বেনেটের পর অভিজ্ঞ শন উইলিয়ামসের ব্যাটে ভর করেই লিড পেয়েছে সফরকারীরা।

দিনের ৫৫তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে লং অফ দিয়ে ছক্কা মারতে গিয়ে মাহমুদুল হাসানের হাতে ধরা পড়েন বাঁহাতি উইলিয়ামস। ১৩৮ বল মোকাবেলা করে ৫৯ রানের এক কার্যকর ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি।

এই সেশনে উইলিয়ামস ছাড়াও প্যাভিলিয়নের পথ ধরেন ওয়েসলি মাধেভেরে। দিনের শুরু থেকেই ধারাবাহিক বোলিং করে যাওয়া পেসার খালেদ আহমেদই ভেঙেছেন তাঁর ধৈর্যের দেয়াল। অফ স্টাম্পের বাইরের বল ব্যাকফুটে খেলতে গিয়ে ইনসাইড এজে স্টাম্পে টেনে আনেন তিনি।

দ্বিতীয় সেশনে ২৬ ওভার খেলে জিম্বাবুয়ে তোলে ৮০ রান, হারায় দুটি মূল্যবান উইকেট। সব মিলিয়ে ছয় উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২১৩ রান। বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে আছে ২২ রানে।

সেশন শেষে কিছুটা স্বস্তি মিললেও, সফরকারীদের লিড বাড়তে না দেওয়ার চ্যালেঞ্জ থাকছে বাংলাদেশের বোলারদের কাঁধে।