রোমান ক্যাথলিকদের শীর্ষ ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার এক শোকবার্তায় তিনি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় ড. মুহাম্মদ ইউনূস বলেন, আমরা তার মৃত্যুতে এমন এক পোপ যুগের সমাপ্তি দেখলাম, যা ছিল মানবিক মর্যাদা, আন্তঃধর্মীয় সম্প্রীতি ও প্রান্তিক মানুষের ন্যায়বিচার আদায়ের গুণাবলিতে পরিপূর্ণ। তার নেতৃত্ব ধর্মীয় সীমার বাইরে গিয়েও লাখ লাখ মানুষকে আরও অন্তর্ভুক্তিমূলক, সহনশীল ও মানবিক বিশ্ব গড়ে তোলার প্রচেষ্টাকে অনুপ্রাণিত করেছিল।
তিনি উল্লেখ করেন, আমি পোপ ফ্রান্সিসের সঙ্গে বহুবার দেখা করতে এবং শান্তি, মানবিক মর্যাদা ও পরিবেশ সুরক্ষার লড়াইয়ে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি।