বাংলাদেশেও অনার্স বোর্ড চান মিরাজ

সিলেট টেস্টের দ্বিতীয় দিনশেষে বাংলাদেশের অর্জন মেহেদী হাসান মিরাজের পাঁচ উইকেট প্রাপ্তি। ক্যারিয়ারের ১১তম ফাইফার তুলে নিয়ে জিম্বাবুয়েকে ২৭৩ রানে বেঁধে রাখেন মিরাজ। দেশের মাটিতে এমন নৈপুণ্যের পরও সেটা স্মরণীয় করে রাখার মতো কোনো অনুষঙ্গ নেই। নেই কোনো অনার্স বোর্ড। সংবাদ সম্মেলনে এই আক্ষেপটুকু চেপে যাননি মিরাজ।

বাংলাদেশে কোনো অনার্স বোর্ড নেই প্রসঙ্গে মিরাজ বলেন, ‘একটা জিনিস দেখেন, প্রত্যেকটা মানুষের অর্জন একটা ভালো লাগার বিষয়। অর্জন কিন্তু.. একদিনে আসে না। কষ্ট করতে হয়, তারপর অর্জনটা আসে। যেটা বললেন যে.. রাওয়ালপিন্ডিতে ওখানে… ৫ উইকেট পেয়েছিলাম। আর… নাম দেখেছি, ভালো লেগেছে, যখন চ্যাম্পিয়নস ট্রফি খেলতে গেছি। আর তারপরে যেটা বললেন বাংলাদেশে… আমার কাছে যেটা মনে হয় যে এই ট্রেডিশনটা চালু করা উচিত। আর যারা এখন বর্তমানে আছেন, আশা করি তারা এটা নিয়ে চিন্তা করবে।’

ক্যারিয়ারে টেস্টে উইকেটের ডাবল সেঞ্চুরি পূর্ণ করতে মিরাজের চাই আর মাত্র ৫ উইকেট। দিনশেষে আজকের ফাইফার নিয়ে এ অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই উইকেট পেলে তো সবারই ভালো লাগে। দিনশেষে… যেহেতু… হোমে খেলা, আর… এক্সেপেক্টেশনটা আমার নিজের কাছেও অতটা হাই ছিল না। চেষ্টা ছিল ঠিক জায়গা বল করা, টিমকে ভালো সাপোর্ট করা। আর… ৫ উইকেট পেতে তো অবশ্যই ভালো জায়গায় বল করতে হবে। একই সঙ্গে ভাগ্যও পক্ষে থাকা লাগবে।’