এখন থেকে দেশে রেলওয়ের ১০ হাসপাতালে সবাই চিকিৎসা নিতে পারবেন। প্রাথমিক কিছু কাজ শেষ হওয়ার পর এই হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বর্তমানে এসব হাসপাতালে শুধু রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসা নিচ্ছেন। গতকাল সোমবার বাংলাদেশ রেলওয়ের ১০টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।
এ ব্যাপারে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, সারা দেশে ১০টি রেলওয়ে হাসপাতাল রয়েছে। এসব হাসপাতালে বর্তমানে বেডের সংখ্যা ৪৩১। এতদিন সেগুলো রেলের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ ছিল। তাদের পাশাপাশি সর্বসাধারণের চিকিৎসা নিশ্চিত করতে স্বল্প এবং দীর্ঘমেয়াদি কী করতে হবে, সেটা ঠিক করা হবে।
রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে।