ঢাকা কলেজ-সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষে ১০ জন আহত

ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে আহত অন্তত ১০ জন চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত তাদেরকে হাসপাতালে নিয়ে আসা হয়।

আহতরা হলেন- ঢাকা কলেজের শিক্ষার্থী নাজমুস সাকিব (১৮), সিয়াম (১৭), রাজীন (১৮), সাফাত (১৮), আবিদ (২২), নিলয় (২৫), তানভির ইসলাম তুহিদ (২৪) সিয়াম। সিটি কলেজের শামীম (১৮)। এছাড়া আহত হয়েছেন বাসযাত্রী সানি (৩২)।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে দুই কলেজেরে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পৌনে ২টার দিকে ফের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পুলিশ টিয়ারগ্যাস নিক্ষপ করে ও লাঠিচার্জ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা চালায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা কলেজের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে সিটি কলেজের সামনে জড়ো হন। তখন সিটি কলেজের শিক্ষকরা তাদের আটকানোর চেষ্টা করেন। এ সময় দলগতভাবে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সিটি কলেজের গেটে ইট-পাটকেল মারতে থাকেন। তবে এ ঘটনায় এখনো কোনো হতাহতের সংবাদ পাওয়া যায়নি।