ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে সাড়ে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামে এ ঘটনা ঘটেছে। শিশুটি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা করেছেন।
এদিকে ধর্ষককে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার তেজখালী ইউনিয়নের ভোলা মার্কেট এলাকায় স্থানীয় শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
মামলা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামে গত ১৪ এপ্রিল দুপুরে বাড়ির পাশে খেলার সময় প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাসার ছাদে নিয়ে যায়। সেখানে তামিম ওই শিশুকে পাশবিক নির্যাতন চালায়। পরে চিৎকার শুনতে পেয়ে শিশুটির পরিবারের সদস্যরা দৌড়ে গেলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে তাকে উদ্ধার করে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল পাঠান। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
সকালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি তেজখালী ইউনিয়নের ভোলা মার্কেট থেকে জয়কালীপুর গিয়ে আবার ভোলা মার্কেটে ফিরে গিয়ে শেষ হয়। এ সময় বক্তারা অভিযুক্ত তামিমের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধের বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতা অপরাধীদের আরও উৎসাহিত করছে। তারা দাবি করেন, সরকারকে কঠোর অবস্থান নিতে হবে এবং দ্রুততম সময়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিশুটির নানা বলেন, আমার নাতনিকে খেলাধুলার কথা বলে ছাদে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে তামিম। আমরা এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি অভিযোগ করেছি। আমরা চাই তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির রায় কার্যকর করুন।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির মা বাদী হয়ে গতকাল একটি অভিযোগ দেয় এটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যহত রয়েছে।