টানা তিন জয়ে এএইচএফ কাপের সেমিফাইনালে বাংলাদেশ

ইন্দোনেশিয়ার জাকার্তায় মঙ্গলবার এএইচএফ কাপ হকিতে গ্রুপ পর্বের ম্যাচে আশরাফুল ইসলাম ও আরশাদ হোসেনের গোলে আজ থাইল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’ থেকে আসরের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে মামুনুর রশীদের শিষ্যরা। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

গ্রুপ পর্বে অজেয় থেকে এ ম্যাচে নেমেছিল বাংলাদেশ ও থাইল্যান্ড। বলের নিয়ন্ত্রণে শুরু থেকে মনোযোগী থাকা দুই দল প্রথম কোয়ার্টারে কার্যকরী হয়ে উঠতে পারেনি প্রতিপক্ষের গোলমুখে। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে থাইল্যান্ডের সার্কেলে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। ২৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্রাগ ফ্লিকে দলকে এগিয়ে নেন আশরাফুল। ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও গোল করেছিলেন এই ডিফেন্ডার।

এই কোয়ার্টারের শেষ দিকেই জুনতাকিয়ার তানাকিতের ফিল্ড গোলে সমতা ফেরায় থাইল্যান্ড। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই দৃষ্টিনন্দন রিভার্স হিটে বাংলাদেশকে ফের এগিয়ে নেন আরশাদ হোসেন। শেষ পর্যন্ত এই গোলই গড়ে দেয় ব্যবধান। বাকিটা সময় এই গোল আগলে রেখে দারুণ জয় তুলে নেয় বাংলাদেশ। ‘বি’ পুলে ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে থাইল্যান্ড। ৪ পয়েন্ট ধারী শ্রীলঙ্কার অবস্থান তিন নম্বরে।