রাজধানীর হাজারীবাগ মধুবাজার এলাকার একটি বাসায় এক গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম আকলিমা (১২) বলে জানা গেছে। তবে বিস্তারিত পরিচয় কেউ জানাতে পারেনি।
মঙ্গলবার বিকাল সোয়া ৩টার দিকে মধুবাজার, ১০-এ নম্বর (নতুন) রোডের ২২২/এ বাসায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সন্ধ্যা সাড়ে ৬টায় মৃত ঘোষণা করেন।
আকলিমাকে হাসপাতালে নিয়ে আসা বাড়ির কেয়ারটেকার আমিনুল হক জানান, ৯তলা বাড়িটির টিনসেড গ্যারেজের উপর বিকাল সোয়া ৩টার দিকে হঠাৎ একটি শব্দ হয়। এর কিছুক্ষণ পর ভাড়াটিয়াদের চিৎকার শুনতে পান তিনি। তখন টিনের চালার উপর উঠে দেখেন, মেয়েটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কয়েকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়া হয় তাকে।
তিনি বলেন, বাড়িটির ৯ম তলায় কাপড় ব্যবসায়ী আব্দুর রশীদ ও কহিনুর বেগম দম্পতি বসবাস করেন। ৪ দিন আগে ওই বাসার গৃহকর্মীর কাজে যোগ দিয়েছিল আকলিমা। সে ছাড়াও আরেকজন গৃহকর্মী রয়েছে ওই বাসায়। মঙ্গলবার সকালে সে বাসা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তবে গৃহকর্ত্রী তাকে বের হতে দেয়নি। দুপুরে যখন গৃহকর্ত্রী ঘুমিয়ে ছিলেন আর অন্য গৃহকর্মী টিভি দেখছিল তখন সে একটি ব্যাগ গুছিয়ে হয়ত বাসা থেকে বেরিয়ে যেতে চেয়েছিল। তখনই কোনোভাবে ৯ম তলা থেকে নিচে পড়ে যেতে পারে।
ওই কিশোরীকে বাসাটিতে কাজে দিয়েছিলেন নাজমা আক্তার নামে এক নারী। নাজমার বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলার সাজনপুর গ্রামে। থাকেন রাজধানীর রায়েরবাজার নিমতলীতে।
তিনি বলেন, ৪ দিন আগে বিকেলবেলায় রায়েরবাজার হাইস্কুলের ঢালে বসে কান্না করছিল মেয়েটি। তখন নাজমা এগিয়ে গেলে মেয়েটি কোনো বাসাবাড়িতে কাজ পাইয়ে দিতে অনুরোধ করে। দাবি করে, তার বাবা মা কেউ নেই। বাড়িতে সৎ মা। অন্য একটি বাসায় গৃহকর্মীর কাজ ছেড়ে চলে এসেছে। তখন নিজের ঠিকানা বলতে পারেনি মেয়েটি। শুধু কান্না করছিল। তখন নাজমা মেয়েটিকে মধুবাজার এলাকার ওই বাড়ির ৯ম তলার ফ্ল্যাট মালিক ও গৃহকর্তা আব্দুর রশীদের বাসায় নিয়ে যান। বাবা-মায়ের নাম পরিচয়হীন মেয়েটিকে প্রথমে বাসায় কাজ দিতে না চাইলেও পরে অনেক অনুরোধে সেদিনই তাকে ৬ হাজার টাকা বেতন দিবে বলে কাজে রেখে দেন গৃহকর্তা।
চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক। তিনি জানান, মৃতদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রহস্যজনক। সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।