রানা প্লাজা ধসের এক যুগেও ঝুলে আছে বিচার

এক যুগ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত রানা প্লাজা ধসের দুর্ঘটনার সঙ্গে জড়িত অধিকাংশ মামলার নিষ্পত্তি হয়নি এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের পরিবার উপযুক্ত ক্ষতিপূরণ পাননি। দ্রুত তাদের ক্ষতিপূরণ, বিচার সম্পন্ন ও নিহতদের স্মরণে স্মৃতিফলক করার দাবি জানিয়েছে বেসরকারি আইন সহায়তা সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।

গতকাল মঙ্গলবার ব্লাস্টের দেওয়া এক বিবৃতিতে এসব দাবি জানানো হয়। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে ঘটে যাওয়া ভয়াবহ ওই দুর্ঘটনায় ১,১৩৮ জন শ্রমিক নিহত হন এবং আরও অন্তত ১,৭৬৯ জন আহত হন, যাদের অধিকাংশই ছিলেন নারী ও তরুণ।

ব্লাস্টের বিবৃতিতে বলা হয়, রানা প্লাজার ঘটনায় দায়ের হওয়া ১১টি শ্রম (ফৌজদারি) মামলা এখনো ঢাকার দ্বিতীয় শ্রম আদালতে বিচারাধীন। এর মধ্যে চারটি মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর্যায়ে রয়েছে, চারটি মামলার নোটিস পত্রিকায় প্রকাশের অপেক্ষায় এবং বাকি তিনটি মামলার কজলিস্টে তারিখ বা নম্বর হালনাগাদ হয়নি।

এছাড়া দায়রা আদালতে তিনটি মামলা বিচারাধীন। এর মধ্যে একটি মামলা ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর আওতায় হাইকোর্টের আদেশে স্থগিত রয়েছে। বাকি দুটি মামলা দণ্ডবিধির আওতায় ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে একত্রে পরিচালিত হচ্ছে, যেখানে ইতিমধ্যে ৯৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে আগামী ১৯ মে।

বিবৃতিতে বলা হয়, ‘এক যুগ পেরিয়ে গেলেও এই ট্র্যাজেডির দায় কেউ নেয়নি, বিচার হয়নি, ক্ষতিপূরণও হয়নি। আমরা চাই, দ্রুত বিচার শেষ হোক, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন হোক, আর এই ঘটনা যেন কোনো দিন ভুলে না যাওয়া একটি শিক্ষা হয়ে থাকে।’