নির্বাচন নিয়ে রাজনৈতিক দল ও অন্তর্বর্তী সরকারের সঙ্গে ইসি পরামর্শ করে খুব শিগগিরই সুনির্দিষ্ট রোডম্যাপ এবং নির্বাচনের তারিখ ঘোষণা করবে এমনটাই প্রত্যাশা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। তিনি বলেন, ১৬ বছর ধরে অবাধ, বিশ^াসযোগ্য নির্বাচনের অপেক্ষা করছি। অন্তর্র্বর্তী সরকার, দলগুলো ভোটারদের বিপুল প্রত্যাশা রেখে ইসি যত বেশি সম্ভব, স্বল্পতম সময়ে নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করতে পারেন। তাহলে মানুষ সরকার, ইসিকে সাধুবাদ জানাবে।
গতকাল মঙ্গলবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেন। এ সময় দলটির পক্ষ থেকে ৩১ দফা প্রস্তাব দেওয়া হয় নির্বাচন কমিশনকে।
সাইফুল হক বলেন, আমরা জানতে পেরেছি ইসি ডিসেম্বরকে লক্ষ্য ধরে নির্বাচনের প্রস্তুতি অব্যাহত রেখেছে। আমরা বলেছি, রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকারের সঙ্গে পরামর্শ, আলাপ-আলোচনা করে নিশ্চয়ই অচিরেই নির্বাচন সম্পর্কে আপনারা সুনির্দিষ্ট পথনকশা ঘোষণা করবেন। নির্বাচনের সূচি বা সিডিউল ইসিকে ঘোষণা করতে হবে।
ইসির কাছে নিজেদের ৩১ দফা লিখিত সুপারিশ পেশ করা হয়েছে উল্লেখ করে সাইফুল হক বলেন, ইসি একটা খসড়া আচরণবিধি তৈরি করছে। এখনো পাবলিক করেননি। আজ আমরা আচরণবিধির বিষয়ে বেশ কিছু মতামত দিয়েছি। আমরা বলেছি, এক তরফাভাবে ইসি আচরণবিধি চূড়ান্ত না করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শলাপরামর্শ করে, বিচার বিবেচনা আমলে নিয়ে এটা প্রণয়ন করেন তাহলে এটার এক ধরনের গ্রহণযোগ্যতা আসবে, কার্যকর হবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, আমরা বিশ্বাস করি অন্তর্র্বর্তী সরকার অবাধ, বিশ্বাসযোগ্য নির্বাচন করতে চান। যেহেতু তাদের কোনো রাজনৈতিক পক্ষপাত থাকার কথা নয়।