বাংলাদেশি শ্রমিকের প্রশংসা করলেন তায়েফের গভর্নর

সৌদি আরবের তাইফ প্রদেশের গভর্নর প্রিন্স সৌদ বিন নাহার বিন সৌদ বিন আব্দুল আজিজ বাংলাদেশি কর্মীদের কঠোর পরিশ্রম ও পেশাদারিত্বের প্রশংসা করেছেন। একইসঙ্গে, তিনি সৌদি আরবে চলমান উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ ও আধা-দক্ষ শ্রমিক প্রেরণের আহ্বান জানিয়েছেন।

রবিবার তাইফের গভর্নর হাউসে সৌজন্য সাক্ষাতে মিলিত হন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মো. মাইনুল কবির ও গভর্নর প্রিন্স সৌদ। কুশল বিনিময়ের পর উভয় পক্ষ বাংলাদেশ-সৌদি আরব সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

আলোচনায় প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, কর্মসংস্থানের প্রসার, দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি এবং সৌদি আরবে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। কনসাল জেনারেল সৌদি সরকারের ভিশন ২০৩০ অনুযায়ী বিভিন্ন মেগা প্রকল্পে অংশগ্রহণের লক্ষ্যে অবকাঠামো, জ্বালানি, কৃষি ও উৎপাদন খাতে বাংলাদেশি বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়টিও তুলে ধরেন।

এ সময় গভর্নর পর্যটন ও কৃষি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি, তিনি বাংলাদেশ-সৌদি আরব বাণিজ্য প্রতিনিধিদলের আদান-প্রদানের ওপর গুরুত্ব দেন এবং তার অফিস থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বৈঠকে উভয় পক্ষই বাংলাদেশ-সৌদি আরবের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন মাত্রা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। কনসাল জেনারেলের আমন্ত্রণে গভর্নর পারস্পরিক সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।