‘দ্রুত সমাধান হবে’ কুয়েট প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশন এবং দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নানা কর্মসূচি চলছে। বিষয়টি নিয়ে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, কুয়েটের সমস্যাসহ সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে আমরা উদ্বিগ্ন। এটির রাতারাতি সমাধান সম্ভব নয়।

বুধবার বিকালে ফরিদপুরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান। সাংবাদিকদের প্রশ্নোত্তরের আগে তিনি ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনটির ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা বলেন, আমি কোনও ব্যক্তি নিয়ে কথা বলব না। পুরো প্রক্রিয়া নিয়ে কাজ হচ্ছে। এখানে অংশীদার যারা ছিলেন তাদের নিয়ে কমিটি হচ্ছে। বিষয়গুলো বিবেচনায় নিয়ে তারা যে পরামর্শ দেবেন সেগুলো সরকার বিবেচনায় নেবে। তবে সমস্যা সমাধান করার যে প্রক্রিয়া সেটি আমরা তরান্বিত করছি। আশা করি দ্রুত সমাধান হবে।

এ ছাড়া তিনি সারাদেশে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা নিয়ে সরকার উদ্বিগ্ন বলে মন্তব্য করেন। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অস্থিরতা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো সমাজ একটি অস্থিরতার মধ্য দিয়ে চলছে এবং সব যে রাতারাতি ঠিক হয়ে যাবে সেই ভাবনাও বোধ হয় ঠিক না।

তিনি বলেন, আগের সরকারের সময়ে শিক্ষার্থীদের দাবি-দাওয়া উত্থাপন করার সুযোগ-সুবিধা ছিল না এবং যখনই কেউ দাবি-দাওয়া উত্থাপন করত তখন রাষ্ট্র ঝাঁপিয়ে পড়ত তাদের উপরে। বর্তমানে রাষ্ট্র মনে করে এখন একটি ব্যবস্থা রয়েছে। তাদের দাবি-দাওয়া আমরা সংবেদনশীলতার সঙ্গে দেখছি। আমরা চেষ্টা করব তারা যেটি চাচ্ছে সেটি নিয়মের ও আইনের মধ্যে এবং যুক্তিসঙ্গত সমাধান করার। তারা হয়তো অতীতের মতো ভাবছে সমাধান হবে না, কিন্তু আমরা অতিদ্রুত সমাধান করব।

এর আগে সাহিত্য পরিষদের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের সময় জেলার সাংস্কৃতিক ব্যক্তিদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন শিক্ষা উপদেষ্টা এবং ফরিদপুর নিয়ে স্মৃতিচারণা করেন। এ সময় জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্যা, পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক এম এ সামাদ, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন,  রেজাউল মৃধা, তৌহিদুল ইসলাম স্টালিন, তাহিয়াতুল জান্নাত রেমি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আবরাব নাদিম ইতুসহ অনেকে উপস্থিত ছিলেন।