মেজর সিনহা হত্যা

হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

কক্সবাজারে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আপিলের ওপর শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি মো. মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চে এ শুনানি শুরু হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা পেপারবুক (বিচারিক আদালতে মামলার রায়সহ যাবতীয় নথি) উপস্থাপনের মধ্য দিয়ে শুনানি শুরু করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শামীমা সুলতানা দিপ্তি। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘এ মামলার শুনানি শুরু করেছি। পেপারবুক থেকে মামলার রায়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ, এফআইআর, সুরতহাল পড়ে শোনানো হয়েছে। বৃহস্পতিবার আবারও শুনানি হবে।’

২০২০ সালের ৩১ জুলাই রাত সাড়ে ৯টায় কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে বাহারছড়া তদন্ত কেন্দ্রের তখনকার পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। শুনানি শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত এক রায়ে টেকনাফ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) প্রদীপ কুমার দাশ ও  লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড দেয়। 
পাশাপাশি অপর ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয় আদালত।

পরে বিচারিক আদালতের রায়ের নথি হাইকোর্টে পাঠানো হয়। যা ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। পাশাপাশি বিচারিক আদালতে সাজাপ্রাপ্ত আসামিরা আপিল করেন।