হেফাজত ইসলামের নেতাদের বিরুদ্ধে করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেছেন, ‘কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে হওয়া রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
গতকাল বুধবার ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, ‘ইসলামবিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-ওলামাদের বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। ওনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘ওনারা ফারাবীর (ব্লগার অভিজিৎ হত্যা মামলার দন্ডপ্রাপ্ত আসামি শফিউর রহমান ফারাবী) বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। দোয়া করবেন, সব মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।’
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় হতাহত হয়েছিলেন অনেকেই। রাজধানী জুড়ে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা চালানোর অভিযোগ ওঠে। ২০১৩ সালের ৫ মের পর থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে নাশকতা, দাঙ্গা-হাঙ্গামাসহ নানা অভিযোগে হেফাজতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে অন্তত ২০৩টি মামলা হয়।