সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশকে পৃথিবীর বুকে একটি সুন্দর দেশ হিসেবে পরিচিত করে তুলতে চাই। তেমনি সমাজকল্যাণ মন্ত্রণালয়কেও বেস্ট মন্ত্রণালয় হিসেবে পরিচিত করে তুলতে চাই। এজন্য বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার যে সুযোগ পেয়েছি, এ সৌভাগ্যটা উপলব্ধি করে আমরা পেছনের জঞ্জাল, দুর্নীতির ঊর্ধ্বে থেকে আমরা আমাদের মন্ত্রণালয়কে ডিসিপ্লিনে আনব এবং প্রজাতন্ত্রের কর্মচারী আমরা স্বচ্ছতা ও দক্ষতার সঙ্গে কাজ করব।
তিনি গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদপ্তরে মধুমতি মিলনায়তনে দুই দিনব্যাপী ‘সামাজিক উন্নয়নের চ্যালেঞ্জ মোকাবিলায় অংশীজনদের নিয়ে পথচলা’ মূলভাবনায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সম্মেলন ২০২৫ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতা এ কথা বলেন।
সম্মেলনে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মো. সাইদুর রহমান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন। সম্মেলনে অন্যদের মধ্যে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তা, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ, শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ট্রাস্ট, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল এবং সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় সমাজসেবা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিষ্ঠানগুলো ও সদর কার্যালয়ের উপপরিচালকরা উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, ৫ আগস্টের আগে যেসব অপশাসন প্রচলিত ছিল তা থেকে বেরিয়ে আসতে হবে। দেশ এখন নতুন মূল্যবোধ, নতুন বয়ানের জায়গায় এসে দাঁড়িয়েছে। আমরা নতুন বাংলাদেশের যে স্বপ্ন দেখি, সমাজের প্রত্যন্ত অঞ্চলের অসহায়, দুস্থ মানুষের সেবা করার যে স্বপ্ন দেখি এই স্বপ্ন বাস্তবায়নে আপনাদের অ্যাকাউন্টটিবিলিটি হতে হবে। বিজ্ঞপ্তি