বাগেরহাটের মোল্লাহাট থেকে মুক্তিপণের দাবিতে অপহৃত এক নারীসহ তিন শ্রীলঙ্কান নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন অপহরণকারীকেও পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার গভীর রাতে মোল্লাহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর বাড়ি থেকে পুলিশ তিন নাগরিককে উদ্ধার করে।
উদ্ধার হওয়া তিন শ্রীলঙ্কান নাগরিক হলেন মালাভি পাঠিরানা ওরফে নিহাল আনন্দ, পাঠিরানা ওরফে টিকিরি কুমারীহাম ও থুপ্পী মুডিয়ানসিলা নিল। তাদের বাড়ির বিস্তারিত ঠিকানা জানা যায়নি।
তারা হলেন, মোল্লাহাট উপজেলার দক্ষিণ আমবাড়ি গ্রামের সবুর শেখের ছেলে শহিদুল শেখ (২৪), একই গ্রামের সেরাত কাজীর ছেলে কাজী এমদাদ হোসেন (৫২) ও পার্শ্ববর্তী গোপলগঞ্জ সদর উপজেলার খাটিয়াগড় গ্রামের জাকির শেখের ছেলে জনি শেখ (৩৮)।
বাগেরহাটের পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ বলেন, সম্প্রতি মোল্লাহাটের দক্ষিণ আমবাড়ি গ্রামের এমদাদ কাজীর সঙ্গে শ্রীলঙ্কান নাগরিকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে ব্যবসার কথা বলে তাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান। এমদাদের আমন্ত্রণ পেয়ে গত ২২ এপ্রিল তিন শ্রীলঙ্কান নাগরিক বাংলাদেশে আসেন। দেশে আসার পর আসামিরা তাদের জিম্মি করে পরিবারের সদস্যদের কাছে ফোন করে বলেন তাদের অপহরণ করা হয়েছে।
তিনি বলেন, মুক্তিপণ না দিলে আটকে রাখা হবে বলে ভয়-ভীতি দিয়ে তাদের নিয়ে অপহরণকারীরা বাগেরহাটের মোল্লাহাটে চলে আসেন। শ্রীলঙ্কার নাগরিকদের পরিবারের সদস্যরা তাদের দূতাবাসে জানালে তারা বাংলাদেশ সরকারকে বিষয়টি অবহিত করেন। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে বারোটার সময় পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে এবং অপহরণের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে। আসামিদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।