চলমান এসএসসি পরীক্ষায় অসদুপায়ের দায়ে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার একটি পরীক্ষা কেন্দ্র থেকে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরের দিকে উপজেলার ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেন্দ্রের দায়িত্ব পালনকারী তিন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়।
কেন্দ্রের নিয়ন্ত্রণ কর্মকর্তা ও মাদারগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সাহাদুল ইসলাম পরীক্ষার সময় নিয়মিত তদারকির অংশ হিসেবে ঘুঘুমারী মির্জা আবুল কাশেম উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গেলে কয়েকজন পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন সময়ে বই, চিরকুট ও মোবাইল ফোন ব্যবহার করে পরীক্ষার খাতায় লেখতে দেখেন। বিষয়টি তার নজরে আসে। পরে তাৎক্ষণিকভাবে কেন্দ্র পরিচালনা কমিটির সিদ্ধান্তে ১৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। পাশাপাশি সংশ্লিষ্ট তিনটি কক্ষে দায়িত্ব পালনকারী তিনজন শিক্ষককে অব্যাহতির সুপারিশ করা হয়।
জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম বলেন, শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজকের ঘটনাটিও তারই অংশ।