ছাত্র ইউনিয়নের ৪২তম সম্মেলন 

গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন থেকে সরে যাওয়া শহীদদের সঙ্গে বেইমানি

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র মা শামসি আরা জামান।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অধিবেশন শুরু হয়। সমাবেশ শেষে একটি বর্ণিল শোভাযাত্রা অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ মোড়, টিএসসি, দোয়েল চত্বর হয়ে জিমনেশিয়ামে গিয়ে শেষ হয়। তারা জানিয়েছেন, টিএসসি অডিটরিয়ামে আগামী দুই দিন জাতীয় সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হবে।

উদ্বোধন ঘোষণা শেষে শামসি আরা জামান বলেন, সন্তান হত্যার বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার টালবাহানা করলে ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে স্বজনহারা মানুষ আবারও রাজপথে নামবে। বৈষম্য বিলোপের স্লোগান মুখে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন থেকে হাজার হাজার মানুষ নিজেদের জীবন উৎসর্গ করেছে, কিন্তু সেই স্বপ্ন ক্রমেই অধরা হয়ে উঠছে। গণঅভ্যুত্থান নিয়ে এখন একধরনের ব্যবসা শুরু হয়েছে, অসংখ্য নির্দোষ মানুষকে হয়রানি করা হচ্ছে। এটি নিশ্চিতভাবেই গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

সম্মেলন প্রস্তুতি পরিষদের আহ্বায়ক তামজীদ হায়দার চঞ্চল বলেন, জুলাইয়ে শুরু হওয়া সংগ্রাম এখনো শেষ হয়নি। স্বাধীনতাবিরোধী ও ধর্মকে স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহারকারীদের কাছে সরকার একরকম আত্মসমর্পণ করে বসে আছে। দেশি-বিদেশি স্বার্থান্বেষী মহলের আজ্ঞাবহতা বর্জন করে সরকারকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে ফিরে আসতে বাধ্য করা হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রাগীব নাঈম বলেন, ফ্যাসিবাদী সরকারকে হটাতে সক্ষম হলেও ফ্যাসিবাদী কাঠামোর সম্পূর্ণ বিলোপ এখনো সম্ভব হয়নি। ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিতে টালবাহানা, সব শহীদ পরিবারে সহায়তা পৌঁছাতে না পারা, শ্রমিকদের ওপর নির্বিচার গুলি চালানো, ছাত্র আন্দোলনে ন্যাক্কারজনক পুলিশি হামলা অব্যাহত রাখাসহ নানা ঘটনা আমরা লক্ষ করছি।

তিনি আরও বলেন, এসব ঘটনায় সরকারের ভূমিকা ও নিষ্ক্রিয়তা নিশ্চিতভাবেই শহীদদের রক্তের সঙ্গে বেইমানি। হাসিনার পতনের বছরপূর্তি হওয়ার আগেই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন থেকে দূরে সরে যাওয়ার ঘটনায় আমাদের পুনর্বার রাজপথে নামার আহ্বান জানাচ্ছি।

২৬ এপ্রিল বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে সংগঠনের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।