মালয়েশিয়া সরকারের সব শর্ত মেনে স্বল্পব্যয়ে দ্রুততার সঙ্গে মালয়েশিয়া শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনের সামনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) সাধারণ সদস্যদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান থেকে এই দাবি জানানো হয়।
সভায় বক্তারা বলেন, অন্য ১৩টি সোর্স কান্ট্রি মালয়েশিয়া সরকারের শর্ত মেনে নিয়ে তাদের শ্রমবাজার চালু রাখলেও বাংলাদেশে এ ক্ষেত্রে পিছিয়ে আছে। ফলে ১২ লাখ বাংলাদেশি কর্মীর যে চাহিদা মালয়েশিয়ায় রয়েছে সেই বাজার বাংলাদেশের হাত ছাড়া হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বাংলাদেশ হারাতে পারে প্রায় ৫ বিলিয়ন ডলারের রেমিট্যান্স।
অনুষ্ঠানে বক্তব্য দেন আল সুপ্ত ওভারসিজের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মজুমদার, পূরবী ইন্টারন্যাশনালের মোহাম্মদ মহিউদ্দিন, আর্থ স্মার্ট বাংলাদেশের মোহাম্মদ মাহফুজুর রহমান, ইএমএস ইন্টারন্যাশনালের এএমএস সাগর, তাসনিম ওভারসিজের মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া, আল আকাবা অ্যাসোসিয়েটের মোহাম্মদ আতিকুর রহমান বিশ্বাস, আল গিফারীর সাগর মাহমুদ, স্কাইল্যান্ড রিক্রুটিংয়ের মোহাম্মদ মনিরুজ্জামান প্রমুখ।