পিএসএলে প্রথমবার কোনো উইকেট পেলেন না রিশাদ

প্রথমবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে গিয়েই সবার নজর কেড়েছেন রিশাদ হোসেন। এই তরুণ লেগস্পিনার খেলছেন লাহোর কালান্দার্সের হয়ে। গতকাল বৃহস্পতিবার পেশাওয়ার জালমির কাছে ৭ উইকেটে হারে লাহোর। তাদের ১২৯ রান ২০ বল হাতে রেখেই পেরিয়ে যায় বাবর আজমের দল।

ম্যাচটিতে ব্যাট হাতে কিছু রান করলেও বোলিংয়ে সুবিধা করতে পারেননি রিশাদ। অবশ্য এত অল্প পূঁজি নিয়ে লড়াই করা সহজ নয়। ব্যাট হাতে ১৩ বলে একটি করে চার ও ছক্কায় করেন ১৩ রান। এরপর বোলিংয়ে দুই ওভারে ১৮ রান দিয়ে কোনো উইকেট পাননি রিশাদ। আসরে ৪ ম্যাচ খেলে এবারই প্রথম তিনি উইকেটশূন্য রইলেন।

লাহোরের প্রথম তিন ম্যাচে ৮ উইকেট শিকার করেছিলেন রিশাদ। প্রথম দুই ম্যাচে নেন তিনটি করে উইকেট। তৃতীয় ম্যাচটিতে ২ উইকেট নিলেও ছিলেন খরুচে। গতকালও নবম ওভারে এসে দেন ৭ রান। ফিরতি ওভারে আরও ১১ রান খরচ করেন রিশাদ। এরপর আর বোলিং পাননি তিনি।