টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার ডুবাইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাকরাইল পশ্চিম পাড়া এলাকার মৃত একে সাব্বির আহমেদের ছেলে সাইফুল আলম (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাইফুল আলম এক মাছচাষিকে নিয়ে ভোর ৪টার দিকে মাছের পোনা আনার জন্য মির্জাপুরে উদ্দেশ্য রওনা হন। পরে তারা মহাসড়কের ডুবাইল এলাকা পৌঁছলে তিন ছিনতাইকারী মোটরসাইকেল নিয়ে তাদের অটোরিকশাটির গতিরোধ করে। পরে পিস্তলসহ দেশীয় অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সাইফুল তাদের টাকা দিতে বিলম্ব করায় তাকে ছুরিকাঘাত করে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি সোহেব খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ ছিনতাইকারীরা ২০ থেকে ৩০ হাজার টাকা ও একটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয়। ছুরিকাঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সাইফুলের মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে৷ এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।